রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ছবি উপহার দিয়েছেন ছাত্রদলের নেতারা। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে সমাবেশ শেষে চলে যাওয়ার সময় তার হাতে এ ছবি তুলে দেওয়া হয়।
ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জড়িয়ে ধরার দৃশ্যটি ফ্রেমে বাধাই করা হয়। রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব এমদাদুল হক লিমন ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।
মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন আল-বায়ান নিউজকে বলেন, প্রধানমন্ত্রী ছবিটি নিয়ে আমাদের উৎসাহিত করেছেন। দেশের জন্য ভালো কিছু করার জন্য তিনি অনুপ্রাণিত করেছেন আমাদেরকে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের হক আদায় যেন আমরা কাজ করি, সে বিষয়েও তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন।
এদিকে, মাদরাসা মাঠের জনসভা শেষে রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সেখানে ১০ লাখ টাকার অনুদান দেন তিনি। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে তিনি মতবিনিময়ও করেন।
মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষই এ দেশের নাগরিক। বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। পরে তিনি চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করেন।