• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

আজ জাইমা রহমানের জন্মদিন

নিউজ ডেস্ক / ১০ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা জারনাজ রহমানের জন্মদিন আজ রবিবার (২৫ অক্টোবর)। ১৯৯৫ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।

জাইমা রহমান আইন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করে ব্যারিস্টার হিসেবে পেশাগত জীবন শুরু করেন। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

জাইমা রহমানের দাদা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার নানা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক মন্ত্রী।

শৈশবে ঢাকার ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন জাইমা। পরে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ২০১৯ সালে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী আইনপ্রতিষ্ঠান ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশে ফিরে আইনপেশায় যুক্ত হওয়ার প্রক্রিয়ায় তিনি ২০২৬ সালের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে দেশের আইনজীবী প্রতিষ্ঠান সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটসে কাজ শুরু করেন। সেখানে সাংবিধানিক আইন, করপোরেট ও বাণিজ্যিক আইনসহ বিভিন্ন বিষয়ে কাজ করেন তিনি।

২০২৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান জাইমা রহমান। বর্তমানে তিনি সভাপতির এক্সিকিউটিভ অফিসের অধীনে আন্তর্জাতিক আইনি বিষয়ে কাজ করছেন।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নেন তিনি। ওই প্রতিনিধিদলে আরও ছিলেন দলটির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ওই সফরে যুক্তরাষ্ট্রের কয়েকজন সাবেক কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন জাইমা।

পেশাগত কাজের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘সুরভী’র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জাইমা রহমান।

আইন, সুশাসন, জননীতি, শিক্ষার প্রসার, লিঙ্গসমতা ও সামাজিক অন্তর্ভুক্তির মতো বিষয়ে আগ্রহ রয়েছে তার।

জন্মদিনে জাইমা রহমানের জন্য শুভকামনা জানিয়েছেন তার শুভানুধ্যায়ীরা। নতুন বছরে আইনপেশা, সামাজিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক অঙ্গনে তার কাজ আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category