রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, সচেতনতামূলক র্যালি ও বিশেষজ্ঞ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুনুর রশীদ। তাঁরা ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে এই গঠনমূলক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

বৃক্ষরোপণ শেষে পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক, গবেষক, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ এবং ‘গ্রীন ভয়েস’-এর স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য ও সচেতনতামূলক শোভাযাত্রা (র্যালি) বের করা হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের গ্যালারি রুমে এক বিশেষজ্ঞ সেমিনারের আয়োজন করা হয়। পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরিবেশ সুরক্ষার এই বিশেষ আয়োজনে গ্রীন ভয়েসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব, রাবি শাখার বর্তমান ছাত্র উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান সভাপতি আরিফ ইসলাম এবং নারী সংগঠন ‘বহ্নিশিখা’ রাবি শাখার সভাপতি তুহিনা। এছাড়াও গ্রীন ভয়েসের অন্যান্য নিবেদিতপ্রাণ পরিবেশকর্মীরা এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন।