পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির-এর জন্মবার্ষিকী উপলক্ষে এক মহতি উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনের তেজগাঁও কলেজ শাখা। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মাঝে দুপুরের আহার ভাগাভাগি করে নেন সংগঠনের সদস্যবৃন্দ।
নিজেদের অনুপ্রেরণা ও প্রিয় নেতার জন্মদিনে প্রথাগত আয়োজনের বাইরে গিয়ে আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়ার এই প্রয়াস উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। দুপুরের আহার বিতরণের এই কর্মসূচিতে তেজগাঁও কলেজ ইউনিটের সদস্যবৃন্দের পাশাপাশি গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা শহরের বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
আয়োজক ও উপস্থিত সদস্যরা বলেন, “আলমগীর কবির ভাই আমাদের শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং মানুষ হিসেবে আর্তমানবতার পাশে দাঁড়ানোর শিক্ষাও দেন। তাঁর জন্মদিনে এই কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা গর্বিত।”
চন্দ্রিমা উদ্যান এলাকায় অবস্থানরত ছিন্নমূল শিশুদের মাঝে পরম মমতায় আহার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। সংগঠনের এমন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারী সদস্যবৃন্দ। শেষে প্রধান সমন্বয়কের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানানো হয়।