নতুন অর্থবছরের প্রস্তাবিত পরিবেশ ও জলবায়ু বাজেটকে আমলানির্ভর ও জবাবদিহিতাহীন আখ্যা দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটির মতে, কঠোর নজরদারি ও জবাবদিহিতা ছাড়া পরিবেশ মন্ত্রণালয়ের বরাদ্দ বৃদ্ধি কেবলই ‘শুভঙ্করের ফাঁকি’।
গতকাল শনিবার (২০ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে “পরিবেশ ও জলবায়ু খাত: ২০২৬-২৭ বাজেট বিশ্লেষণ” শীর্ষক এক সংবাদ সম্মেলনে পরিবেশ বিশেষজ্ঞ ও বাপার নেতৃবৃন্দ এ মন্তব্য করেন। বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য ফারহান হোসেন জয়।
বাজেটের বৈপরীত্য ও আমলাতান্ত্রিক জটিলতা মূল বক্তব্যে ফারহান হোসেন জয় বলেন, “বাজেট হচ্ছে একটি রাষ্ট্রের আলোকনির্দেশিকা। এই সরকারের আমলেই আমরা অতীতে পলিথিন নিষিদ্ধ এবং ঢাকাকে বেবি ট্যাক্সির কালো ধোঁয়া থেকে মুক্ত হতে দেখেছি। তবে, বর্তমান বাজেটে বরাদ্দের ব্যাপক বৈপরীত্য রয়েছে। যে রাজনৈতিক দল দলীয় ছত্রছায়ায় বালু উত্তোলনকে উৎসাহিত করে, তারাই যখন নদী ড্রেজিংয়ের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দেয়, তখন তা জনগণের কাছে দ্বিমুখী আচরণ বলেই মনে হয়।” তিনি আরও জানান, প্রস্তাবিত বাজেটে পরিবেশ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় ২২% বৃদ্ধি পেলেও, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাষ্ট্রের নিজস্ব বাজেট ১০০ কোটিতে আটকে থাকা অত্যন্ত অপ্রতুল।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার গতানুগতিক আমলানির্ভর বাজেট পরিকল্পনা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, “বছরের শেষপ্রান্তে এসে বাজেট খরচের যে মহোৎসব দেখা যায়, তা মূলত দুর্নীতি ও লুটপাটেরই নামান্তর। পরিবেশের বাজেট প্রণয়নের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞদের মতামত নেওয়া অপরিহার্য।”
পরিবেশগত শঙ্কা ও বরাদ্দের অপব্যবহার বাপার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির অভিযোগ করেন যে, পরিবেশ ও জলবায়ু খাতে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা অনেক ক্ষেত্রেই যথাযথ খাতে ব্যয় না হয়ে অন্য খাতে অপচয় করা হয়। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য ময়লাযুক্ত কয়লা আমদানি বন্ধে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে বাপার সহ-সভাপতি অধ্যাপক এম. ফিরোজ আহমেদ কার্বন ট্রেডিংয়ে বাংলাদেশের ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “কার্বন ট্রেডিং মার্কেটের শতকরা ৬০ ভাগ চীনের দখলে, অথচ আমরা কিয়োটো প্রটোকলের সুবিধা নিতে পারছি না। শহরে ফ্লাইওভার নির্মাণের ফলে বায়ুদূষণ বহুগুণ বেড়েছে, যার বিকল্প হতে পারত আন্ডারগ্রাউন্ড যোগাযোগ ব্যবস্থা।” এছাড়া, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের পিছিয়ে পড়া এবং শিল্প দূষণে সুপেয় পানির সংকট নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপার সহ-সভাপতি জাকির হোসেন, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, আজীবন সদস্য ড. এম এ আব্দুল ওহাব এবং পরিবেশকর্মী হাফিজুল ইসলাম। তারা বাজেটে ‘গ্রিন জব’-এর স্পষ্ট ব্যাখ্যা, মেগা প্রজেক্টের নামে পরিবেশ ধ্বংস বন্ধ করা, যানজট নিরসনে পর্যাপ্ত বরাদ্দ এবং স্কুল-কলেজের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের দাবি জানান।
সংবাদ সম্মেলন শেষে পরিবেশগত সংকট মোকাবিলা এবং সবুজ অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকারের কাছে নিম্নোক্ত ৫টি সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরা হয়:
আর্থিক কাঠামো ও বরাদ্দ বৃদ্ধি: জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি প্রশমনে বর্তমান ০.৭৬% বরাদ্দ অত্যন্ত নগণ্য। ২০৩০ সালের মধ্যে এটি অন্তত ৩%-এ উন্নীত করতে হবে এবং বেসরকারি খাত থেকে অর্থায়নের জন্য সরকারি গ্যারান্টিযুক্ত বন্ড চালু করতে হবে।
কার্বন ট্যাক্স ও দূষণ মূল্য আরোপ: উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্পপ্রতিষ্ঠান এবং বিলাসবহুল গাড়ি আমদানিতে বিশেষ কার্বন কর আরোপ করতে হবে। যেসব শিল্পে বর্জ্য শোধনাগার (ETP) নেই, তাদের কঠোর জরিমানার আওতায় এনে সেই অর্থে কেন্দ্রীয় শোধনাগার নির্মাণ করতে হবে।
বর্জ্য ব্যবস্থাপনা ও সার্কুলার ইকোনমি: ল্যান্ডফিলে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প গ্রহণ, প্লাস্টিক রিসাইক্লিং শিল্পে কর ছাড় প্রদান এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
প্রযুক্তি ও গবেষণা (R&D) বৃদ্ধি: ক্লাইমেট টেকনোলজি স্টার্টআপদের জন্য ইনকিউবেশন সেন্টার ও সিড ফান্ডের ব্যবস্থা করতে হবে। মহাকাশ গবেষণা কেন্দ্রকে (SPARRSO) শক্তিশালী করে নদী ও বনভূমি দখলের রিয়েল-টাইম ট্র্যাকিং নিশ্চিত করতে হবে।
উপকূলীয় সুরক্ষা ও ম্যানগ্রোভ বনায়ন: সুন্দরবন সংলগ্ন এলাকায় কৃত্রিম বাঁধের ওপর নির্ভরতা কমিয়ে নতুন ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে প্রাকৃতিক সুরক্ষাপ্রাচীর তৈরি করতে হবে।