• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে বহ্নিশিখার সচেতনতামূলক প্রচারণা, শিগগিরই শুরু হচ্ছে কারাতে প্রশিক্ষণ হরিপুরে গাছ থেকে পেরেক দিয়ে লাগানো ব্যানার-পোস্টার অপসারণে গ্রীন ভয়েসের উদ্যোগ নীলফামারী সরকারি কলেজে গ্রীন ভয়েসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন, অনুষ্ঠিত হলো মাসিক সাহিত্য আড্ডা নেত্রকোণা বিশ্ববিদ্যালয় শাখায় বহ্নিশিখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে হরিপুর শিশু পার্কে কৃষ্ণচূড়া চারা রোপণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্রীন ভয়েসের ‘স্বেচ্ছাসেবায় তারুণ্য’ শীর্ষক ক্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্রীন ভয়েস টিমের উদ্যোগে বৃদ্ধাশ্রমে মানবিক কর্মসূচি ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস ও কিছু কথা

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস ও কিছু কথা

‎

‎গতকাল ছিল ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ দিবসটি পালিত হয়। প্রতি বছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে— “Inspired by Nature. For Climate. For Our Future.” অর্থাৎ, “প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য।”
‎
‎জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-এর নেতৃত্বে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে দিবসটি পালিত হয়। ২০২৬ সালের বিশ্ব পরিবেশ দিবসের আয়োজক দেশ আজারবাইজান এবং মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে রাজধানী বাকুতে।
‎
‎বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও এ বছর ভূমি পুনরুদ্ধার, অনিয়মিত বৃষ্টি, মরুকরণ ও খরার সঙ্গে অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করছে। বাংলাদেশের জন্য পরিবেশ দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, একদিকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম, অন্যদিকে পরিবেশ দূষণের বিভিন্ন সূচকে উদ্বেগজনক অবস্থানে রয়েছে। বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য হলেও পরিবেশ ধ্বংস ও দূষণের প্রভাব আমাদের জীবনযাত্রায় ক্রমশ প্রকট হয়ে উঠছে।
‎
‎বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হলো পরিবেশ। পরিবেশবিজ্ঞানীদের মতে, মানুষ ও পরিবেশের সম্পর্ককে মূলত তিনভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমত, মানুষ পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবন গড়ে তোলে। দ্বিতীয়ত, মানুষ নিজের প্রয়োজন মেটাতে পরিবেশকে পরিবর্তন বা পুনর্গঠন করে। তৃতীয়ত, মানুষ ও পরিবেশ পরস্পরের ওপর এমনভাবে প্রভাব বিস্তার করে যে তারা একে অপরকে গড়ে তোলে।
‎
‎এখন পর্যন্ত একমাত্র পৃথিবীতেই মানব বসবাসের উপযোগী পরিবেশ বিদ্যমান। কিন্তু মানুষের অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডের কারণে পৃথিবীর পরিবেশ ক্রমেই দূষিত ও বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রকৃতিতে নানা অস্বাভাবিক ও নজিরবিহীন পরিবর্তন লক্ষ করা যাচ্ছে, যা পানি, বন, ভূমি ও সমগ্র বায়ুমণ্ডলকে প্রভাবিত করছে। এর প্রভাব এতটাই গভীর যে পৃথিবীর অস্তিত্ব এবং সমগ্র জীববৈচিত্র্যই আজ হুমকির মুখে।
‎
‎এ প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘তপোবন’ প্রবন্ধে লিখেছিলেন- “মানুষকে বেষ্টন করে এই যে জগৎপ্রকৃতি আছে, এ যে অত্যন্ত অন্তরঙ্গভাবে মানুষের সকল চিন্তা, সকল কাজের সঙ্গে জড়িত হয়ে আছে।” প্রকৃতির সঙ্গে মানুষের এই নিবিড় সম্পর্ক আজ নতুন করে উপলব্ধি করার সময় এসেছে।
‎
‎নগরায়ণ, শিল্পায়ন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বন উজাড়, বায়ু-পানি-মাটি দূষণ এবং জৈব বর্জ্যের পচনের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।
‎
বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় তাপপ্রবাহ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার প্রায় ৯০ শতাংশ মানুষ চরম তাপপ্রবাহের ঝুঁকিতে রয়েছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো জনবহুল দেশগুলো এই ঝুঁকির শীর্ষে অবস্থান করছে।
‎
‎গবেষকদের মতে, বাংলাদেশের তাপমাত্রা বৃদ্ধির পেছনে বৈশ্বিক উষ্ণায়নের অবদান প্রায় ৩৭ শতাংশ, আর বাকি ৬৩ শতাংশের জন্য দায়ী স্থানীয় কারণ। জনসংখ্যার চাপ, জলাধার ও সবুজায়ন কমে যাওয়া, অপরিকল্পিত নগরায়ণ এবং বৃক্ষ নিধন এর মধ্যে অন্যতম।
‎
‎বিশেষজ্ঞদের মতে, দেশের শহরাঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ হলো ইট, পাথর, কংক্রিট ও কাচনির্ভর অবকাঠামোর আধিক্য। এসব উপাদান দ্রুত তাপ শোষণ করে এবং দীর্ঘ সময় ধরে তা ধরে রাখে। অন্যদিকে, অনিয়ন্ত্রিত বৃক্ষ নিধনের ফলে দেশে মরুকরণের ঝুঁকি বাড়ছে। বর্তমানে প্রায় ৫৫ লাখ হেক্টর ভূমি মধ্যম থেকে উচ্চমাত্রার খরার ঝুঁকিতে রয়েছে।
‎
‎খরা ও মরুকরণ রোধে ব্যাপক বৃক্ষরোপণ, খাল-নদী পুনঃখনন এবং জলাশয় সংরক্ষণ অত্যন্ত জরুরি। পরিবেশ সুরক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করেন। অথচ বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ মোট ভূমির মাত্র ১৪.১ শতাংশ। ফলে প্রাকৃতিক বনাঞ্চল ও জীববৈচিত্র্য উভয়ই হুমকির মুখে পড়ছে।
‎
‎আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় প্রায় সবকিছুই পরিবেশ থেকে আসে। তাই নিজেদের অস্তিত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রকৃতি ও পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। টেকসই ভবিষ্যৎ নির্মাণ এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত করতে পরিবেশবান্ধব চিন্তা-চেতনা ও জীবনধারা গড়ে তুলতে হবে।
‎
‎বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ আমাদের স্মরণ করিয়ে দেয়- পৃথিবী আজ এক গভীর সংকটের মুখোমুখি, আর সেই সংকটের অভিঘাত সবচেয়ে বেশি অনুভব করছে বাংলাদেশের মতো দেশগুলো। এ বছরের প্রতিপাদ্য “Inspired by Nature” আমাদের শেখায়, সুন্দরবন, হাওর, নদী ও পাহাড় কেবল প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়; এগুলো আমাদের অস্তিত্ব ও টিকে থাকার অবলম্বন।
‎
‎তাই প্রকৃতি রক্ষা মানেই নিজেদের রক্ষা করা, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। সচেতনতা বৃদ্ধি, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিতকরণ এবং নবপ্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার মধ্য দিয়েই আমরা একটি নিরাপদ, বাসযোগ্য ও টেকসই পৃথিবী গড়ে তুলতে পারি। বাঁচুক প্রকৃতি, বাঁচুক পৃথিবী, বাঁচুক মানবসভ্যতা।

‎
হ্লাথোয়াইছা চাক
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category