রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর উদ্যোগে আয়োজিত ‘প্রীতি পরিবেশ বিতর্ক ২০২৬’-এর সমাপনী পর্ব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে অনুষ্ঠিত এই সমাপনী দিনের চূড়ান্ত বিতর্কে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে মুখোমুখি হয় মন্নুজান হল এবং তাপসী রাবেয়া হল।
নারী শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও যুক্তিবাদী মনন বিকাশের লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী প্রীতি বিতর্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মোট ৬টি আবাসিক হল অংশগ্রহণ করে। হলগুলো হলো—মন্নুজান হল, বেগম খালেদা জিয়া হল, তাপসী রাবেয়া হল, রহমতুন্নেসা হল, জুলাই ৩৬ হল এবং রোকেয়া হল।
সমাপনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতার্কিকদের উৎসাহিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, লোকপ্রশাসন বিভাগের সভাপতি ড. মর্জিনা বেগম এবং তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. তারান্নুম নাজ।
গ্রীন ভয়েস রাবি শাখার বিতর্ক সম্পাদক ইকরার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনের শেষাংশে অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতায় এগিয়ে আসার স্বীকৃতিস্বরূপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল হলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আহসান হাবিব, রাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক ইরফান এবং কোষাধ্যক্ষ রাশেদ। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট হলগুলোর বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী উপস্থিত থেকে এই জ্ঞানগর্ভ ও সময়োপযোগী আয়োজনটি উপভোগ করেন।